কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে ক্রেডিট গ্যারান্টি স্কিমে কিছুটা পরিবর্তন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট

কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) উদ্যোগ খাতে ক্রেডিট গ্যারান্টি স্কিমের নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট গত বৃহস্পতিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। এর আগে জারি করা এসএমইএসপিডি সার্কুলার নং- ০৫, তারিখ:মে ০৯, ২০২১-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে ম্যানুয়াল অব ক্রেডিট গ্যারান্টি স্কিমের অনুচ্ছেদ নং-৫.৩.১-এ বর্ণিত নির্দেশনার আওতায় কুটির, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগ বা সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বা বিনিয়োগ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে পিএফআইসমূহকে তাদের পোর্টফোলিও গ্যারান্টি লিমিটেডের ন্যূনতম ৫ শতাংশ সংরক্ষিত রাখতে নির্দশনা প্রদান করা হয়।

এসএমইএসপিডি সার্কুলার নং-২/২০১৯-এর ৩ নং অনুচ্ছেদের নির্দেশনানুযায়ী ২০২৪ সাল অন্তে সিএমএসএমই খাতের নিট ঋণ ও অগ্রিম স্থিতির ন্যূনতম ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়।

২০২৪ সাল অন্তে নারী উদ্যোক্তা পর্যায়ে প্রদেয় ঋণ বা বিনিয়োগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে সিএমএস খাতে নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বা বিনিয়োগ বিতরণ বৃদ্ধির আবশ্যকতা রয়েছে। ঋণ বা বিনিয়োগ গ্রহণের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সহায়ক জামানত প্রদানে সক্ষমতা অপেক্ষাকৃত কম থাকায় ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় তাদের ঋণ বা বিনিয়োগ প্রদান করা হলে ওপরে বর্ণিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। বর্ণিত বিষয়াবলি বিবেচনায় এখন থেকে সিএমএস খাতে নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বা বিনিয়োগ প্রদান বৃদ্ধির লক্ষ্যে পিএফআই-সমূহকে তাদের পোর্টফোলিও গ্যারান্টি লিমিটেডের ন্যূনতম ১০ শতাংশ সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হলো।