মাদকের মূলোত্পাটন জরুরি

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৩৪

মহামারির প্রকোপে যখন বিপর্যস্ত জনজীবন, তখনই সারা দেশে মাথাচাড়া দিয়ে উঠছে মাদক। দেশের বিভিন্ন অঞ্চলে মাদকসহ আটক করা হচ্ছে বিভিন্ন বয়সের কিশোর-কিশোরীদের, যাদের হাতে পাওয়া যাচ্ছে ইয়াবা, কোকেন, হেরোইন, এলএসডির মতো মারাত্মক সব মাদকদ্রব্য। এ যাবত্কালের সবচেয়ে ভয়ংকর মাদক হিসেবে এলএসডির কুখ্যাতি রয়েছে, যাকে বলা হয় ‘লাস্ট স্টেজ অব ড্রাগ’ এবং তা সেবনের সঙ্গে সঙ্গেই শরীরে চরম উত্তেজনার সঞ্চার হয়। মাদকের ছড়াছড়ির পেছনে সীমান্তবর্তী জেলাগুলোতে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের অবহেলাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। পুলিশ, বিজিবি, ডিবি, ইমিগ্রেশন কর্মকর্তার উপস্থিত সত্ত্বেও কী করে এসব ভয়ংকর মাদকদ্রব্য দেশে প্রবেশ করে তার কারণ খতিয়ে দেখা এখন সময়ের দাবি। অন্যথায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার কর্তৃক জারি করা জিরো টলারেন্স নীতির সার্থক প্রয়োগ কিংবা বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয়।

সৈয়দ মো. জাহেদুল ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়