সাকিবের মাইলফলকের দিনে বিবর্ণ ব্যাটিং

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২১:৪৬

স্পোর্টস রিপোর্টার

সিরিজটার আবহ সংগীত হয়ে গেছে মিরপুর স্টেডিয়ামের স্লো, লো বাউন্সের উইকেট। তিন ম্যাচ পর উইকেট যেন আরো মন্থর হয়ে গেল। অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশও এমন উইকেটে ব্যাটিংয়ে সংগ্রাম করল সিরিজ জুড়ে। গতকাল চতুর্থ ম্যাচে ব্যাটিংটা যেন আরো রঙ হারালো। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জ্বলে উঠতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা।

বিবর্ণ একটা দিনই কাটল বাংলাদেশের। মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। গতকাল পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১০৪ রানের পুঁজি গড়তে সমর্থ হয়েছিল বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে লো স্কোরিংয়ের দিনে ব্যাট হাতে নতুন মাইলফলক অর্জন করেছেন সাকিব। ব্যাট হাতে ২৬ বলে ১৫ রান করেছিলেন তিনি। তাতেই টি-২০ তে তামিম ইকবালকে টপকে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন সাকিব। এ ফরম্যাটে ১ হাজার ৭০০ রানও পূর্ণ করেছেন তিনি। ৮৪ ম্যাচে তার সংগ্রহ এখন ১ হাজার ৭০৭ রান। দ্বিতীয় স্থানে থাকা তামিমের ঝুলিতে আছে ১ হাজার ৭০১ রান। তৃতীয় স্থানে মাহমুদউল্লাহ, চতুর্থ স্থানে মুশফিকুর রহিম। 

এ সিরিজে চার ম্যাচেই মাঝারি ইনিংস খেলেছেন সাকিব। তিনে নেমে ১০৩ রান (৩৬, ২৬, ২৬, ১৫) করেছেন তিনি। পরে অবশ্য বোলিংয়ে নেমে নিজের দ্বিতীয় ওভারে পাঁচ ছক্কা হজম করেছেন সাকিব। গতকাল ড্যানিয়েল ক্রিস্টিয়ান পাঁচটি ছয় মেরেছেন এ বাঁহাতি স্পিনারকে।

গতকাল অপরিবর্তিত একাদশ নিয়েই টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে সৌম্যর (৮) পড়তি ফর্ম অব্যাহত রয়েছে। চতুর্থ ওভারেই হ্যাজেলউডের বলে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। নাঈম শেখ-সাকিবের ২৪ রানের জুটি ভেঙে যায় হ্যাজেলউডের ধাক্কায়। সাকিব উইকেটের পেছনে ক্যাচ দেন। তারপর লেগ স্পিনার সোয়েপসনের ঘূর্ণিতে পথ হারায় বাংলাদেশের মিডল অর্ডার।

ইনিংসের ১১তম ওভারে পরপর দুই বলে মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান তার শিকার হন। দুজনই রানের খাতা খুলতে পারেননি। একপ্রান্ত আগলে থাকা নাঈম শেখও ইনিংস বড় করতে পারেননি। সোয়েপসনের তৃতীয় শিকার হওয়ার আগে ৩৬ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন তিনি। শুরুটা ভালো করলেও আফিফ থেমেছেন অ্যাগারের বলে। তিনি ১৭ বলে ২০ রান করেন। জিম্বাবুয়েতে ঝলক দেখানো শামীম পাটোয়ারির (৩) ব্যাট জ্বলে উঠতে পারেনি। শেষ দিকে মেহেদী হাসানের ব্যাটে ১০০ পার হয় বাংলাদেশের স্কোর। ইনিংস শেষের এক বল আগে আউট হওয়া মেহেদী ১৬ বলে ২০ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সোয়েপসন-টাই ৩টি করে, হ্যাজেলউড ২টি ও অ্যাস্টন অ্যাগার ১টি করে উইকেট পান।