ইতিহাস গড়েই অবসরে রোমাশিনা

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:০১

স্পোর্টস ডেস্ক

আগেই জানিয়েছিলেন টোকিও অলিম্পিকই হবে তার শেষ। শেষটা সুন্দর করতে কে না চায়! তাও যদি আবার ইতিহাস গড়ে। রাশিয়ান আর্টিস্টিক সুইমার সভেটলানা রোমাশিনা সেটাই করে দেখালেন। গতকাল আর্টিস্টিক সুইমিং দলগত ফ্রি রুটিন ইভেন্টে রাশিয়াকে স্বর্ণ জিতিয়ে শেষ করলেন তার রাজকীয় ক্যারিয়ার।

সর্বকালের সেরা আর্টিস্টিক সুইমার হিসেবেই যে অবসরে গেলেন রোমাশিনা, এ প্রসঙ্গে দ্বিমত থাকার কথা নয়। চার বার অলিম্পিকে অংশগ্রহণ করে মোট সাতটি জিতেছেন স্বর্ণ। রূপা-ব্রোঞ্জ ছাড়া এতো বেশি স্বর্ণ জিতেননি আর কোনো নারী অ্যাথলেট। পুরুষদের মধ্যে এগিয়ে আছেন শুধু উসাইন বোল্ট ও রে ইউরি (৮টি করে স্বর্ণ)।

অলিম্পিকের বাইরে ২১ বার বিশ্ব চ্যামিপয়ন হওয়ার গৌরব অর্জন করেন এক সন্তানের মা রোমাশিনা। ছয় বছর বয়সেই আর্টিস্টিক সুইমিংয়ে হাতেখড়ি তার। পাশাপাশি নাচেও দক্ষ ছিলেন। কিন্তু নাচের সঙ্গী পছন্দ না হওয়ায় শেষ পর্যন্ত সাঁতারই বেছে নেন ক্যারিয়ার হিসেবে। অনুশীলন করেন রোজ ১০ ঘণ্টা করে। 

২০০৮ সালে বেইজিংয়ে দলীয় ইভেন্ট দিয়ে শুরু তার অলিম্পিক স্বর্ণ জয়ের অভিযান। এরপর আর থামেননি। লন্ডন, রিওতে ডুয়েট ও দলীয় ইভেন্টে দাপট দেখানোর পর এবার টোকিওতে আসেন এক সন্তানের জননী হিসেবে।  মা হওয়ার পর যেন আরো শক্তিশালী রোমাশিনা। ডুয়েট ইভেন্টের পর গতকাল জিতলেন দলগত ইভেন্টের স্বর্ণ। ১৯৬.০৯৭৯ স্কোর নিয়ে তার দেশ রাশিয়া পেছনে ফেলেছে রূপা জেতা চীন ও ব্রোঞ্জ জয়ী ইউক্রেনকে।

অবসরের পর পরিবারকেই বেশি সময় দিবেন রোমাশিনা। জানিয়েছেন দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছা। তবে সাঁতার থেকে দূরে সরে যাচ্ছেন না। আর্টিস্টিক সুইমিংকে এগিয়ে নিতে যে কোনো দায়িত্ব পেলেই চলবে তার।