চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:০২

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় বক্তারা বলেছেন, শহিদ শেখ কামাল ছিলেন বহুগুণের অধিকারী। তার কর্মময় জীবন থেকে বর্তমান যুব সমাজকে শিক্ষাগ্রহণ করতে হবে। শেখ কামালের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে তরুণ সমাজকে দেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।

গত বৃহস্পতিবার নগরীর হালিশহরের আবাহনী ক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর প্রমুখ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।