করোনায় মারা গেলেন সাবেক আইজিপি হাদিস উদ্দিন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

করোনায় আক্রান্ত হয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ হাদিস উদ্দিনের (৭২) মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে বারোটায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর             শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের আইজি  ড. বেনজীর আহমেদ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান,  মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৪৯ সালে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ ব্যাচের এ কর্মকর্তা ২০০৫ সালের ৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তার জানাজা গতকাল বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।