ট্রাকচালক লিটন ‘হত্যা’র বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:০৭

বিশেষ প্রতিনিধি

উত্তরা পূর্ব থানা হেফাজতে থাকা ট্রাকচালক লিটনের রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক ওসমান আলী।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ‘গত ৩ আগস্ট ট্রাকচালক লিটনকে ঢাকা উত্তরা পূর্ব থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নির্বিচারে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। তাদের দাবি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ এ ঘটনায় ১৫ দিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, সংগঠনের কেন্দ্রীয় নেতা আলহাজ মো. আব্দুল মান্নান সভাপতি, তাজুল ইসলাম, হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার, আহম্মদ আলী, আব্দুল মান্নান মন্ডল, আব্দুুর রশিদ, রেজাউল করিম, আনোয়ার হোসেন আনু, মোহাম্মদ আলী, আব্দুল জলিল, হাসানুল কবির হাসান, কুতুবুদ্দিন সাগর প্রমুখ।