সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:০৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

এশিয়ান হাইওয়ে সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকার মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল ভোরে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে র্যাব-১-এর সদস্যরা। এ সময় মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক ও শিলিমপুর এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। র্যাব-১ এর নায়েক সুবেদার সৈয়দ শুকুর আলী জানান, নারায়ণ মূর্তির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং ওজন ৩৫ দশমিক ৪ কেজি। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।