টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
টঙ্গীতে সহোদর দুই সাংবাদিক মহিনউদ্দিন রিপন ও মোরশেদ আলম খোকনের বিরুদ্ধে এতিমখানা ও মাদ্রাসায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। গতকাল টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেন এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ ভুক্তভোগী মাহমুদুল হাসান। অভিযোগের তিন ঘণ্টার মাথায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ মহিনউদ্দিন রিপনকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেট এলাকায় জামিয়া মাহমুদিয়া কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ক্লাস চলাকালে দৈনিক সময়ের আলোর টঙ্গী প্রতিনিধি মহিনউদ্দিন রিপন ও তার ভাই মোর্শেদ আলম খোকন জোরপূর্বক ঐ এতিমখানায় প্রবেশ করেন। এ সময় তারা করোনা মহামারির সময় এতিমখানা খোলার কারণ জানতে চেয়ে অধ্যক্ষ মাহমুদুল ইসলামকে হুমকি দিতে থাকেন। এক পর্যায় তারা এতিমখানা তালা মেরে দেওয়ারও হুমকি দেন। অধ্যক্ষ মাহমুদুল ইসলাম জানান, তাদের কিছু এতিম ছাত্রছাত্রীর থাকার জায়গা না থাকায় সেখানেই তারা বসবাস করে। তাদেরই ক্লাস নেওয়া হয়। ঘটনার দিন উল্লিখিত দুই ভাই হঠাত্ মাদ্রাসায় বিনা অনুমতিতে প্রবেশ করেন এবং ঘটনাস্থলেই শিক্ষার্থীদের ছবি তুলে ফেসবুকে আপলোড দেন। তাদের ছবি প্রকাশ না করতে অনুরোধ করলে তারা আর্থিক লেনদেনের ইঙ্গিত দেন। অন্যথায় তারা মাদ্রাসায় তালা লাগিয়ে দিবেন বলে হুমকি দেন। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের উপসহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে জানান, অভিযোগের বিষয়টি তদন্তে সত্যতা পেয়ে রিপনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, রিপনের বিরুদ্ধে ইতিপূর্বে এক চিকিত্সককে ধর্ষণচেষ্টার মামলা রয়েছে।
