জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনাসভা

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:১০

বরিশাল অফিস

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে আলোচনা ও সংগঠনের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর বরিশাল ক্লাবের গোলাম মাওলা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় বিসিসি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠী পাকিস্তান বানাতে চেয়েছিল; কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোনো লক্ষ্য আমার নেই। অতীতে বরিশালের অবকাঠামোগত উন্নয়ন টেকসইয়ের গ্যারান্টি দিয়ে নির্মাণ করেছি। যা আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়াও নগরীতে নতুন সড়ক নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ ও খালের নাব্যতা রক্ষায় কাজ করেছি। এই মহত্কাজে সবসময় বরিশালের জনগণকে পাশে চাই। সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, মাহমুদ হোসেন চৌধুরী, সহসভাপতি রাহাত খান, সাবেক সভাপতি গোপাল সরকারসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। আলোচনা ও পরিচিতি সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।