হোমনায় মাইকিং করে দুই গ্রামের দুই দফা সংঘর্ষে আহত ৩০

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:১১

দোকানপাট বাড়িঘর ভাঙচুর, পুলিশ মোতায়েন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকিং করে দুই গ্রামের মধ্যে দুই দফা সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় অন্তত ১২টি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ও গতকাল শুক্রবার সন্ধ্যার আগে ও উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ ও কাশিপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে হোমনা, মেঘনা, মুরাদনগর, তিতাস থানা পুলিশ, কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আহতদের হোমনা, মুরাদনগর, দেবিদ্বার, কুমিল্লা ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতরা হলেন—কাশিপুর গ্রামের আরাফাত (৯), সানু (৪৫), মাজহারুল (২২), দিদার (১৮), জহির মাস্টার (৩০), হুমায়ুন (৪৮), বিল্লাল (২৬), শওকত (৩০), বাদল (৩২), আমির (৪৫), নসু মিয়া (৫৫), শামীম (২৫), ইব্রাহিম (২৫), রাইসাব (২১), সজীব খান (২১), ইয়াসিন (১৮)। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে ধৈর্যধারণ করে শান্ত থাকার আহ্বান জানান।