ইত্তেফাক রিপোর্ট
সরকারের করোনা টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের মিডওয়াইফদের সহায়তায় গতকাল শনিবার থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৯টি টিকাদান কেন্দ্র ব্যবস্থাপনা করছে ব্র্যাক। এছাড়াও, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ৩ হাজার ২১৪টি টিকাদান কেন্দ্রে সহায়তা প্রদান করছে ব্র্যাককর্মীরা।
সরকারের করোনা টিকাদান কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে সহায়তার অংশ হিসেবে গতকাল থেকে এই কর্মসূচিতে যোগ দিল সংস্থাটি। ২৫ বছর ও তার চেয়ে বেশি বয়সি জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কেন্দ্রগুলো থেকে টিকা দেওয়া হচ্ছে। আগামী ১২ আগস্ট পর্যন্ত এই সেবা চলমান থাকবে। তবে এই সেবা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা সুরক্ষা অ্যাপে নিবন্ধিত মোবাইল নাম্বারটি সঙ্গে নিয়ে যেতে হবে। এই কেন্দ্রগুলোতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুরক্ষা অ্যাপের মাধ্যমে যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু কোভিড-১৯-এর টিকা গ্রহণ সংক্রান্ত ম্যাসেজ পাননি, তারা টিকা গ্রহণ করতে পারবেন।
