বরিশাল অফিস
বরিশালের বেসরকারি সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ৩০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিট। ২৫ আগস্ট থেকে এই হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সাসেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনাসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকাধীন জাগুয়া এলাকায় সম্প্রতি বেসরকারি উদ্যোগে সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিত্সা প্রদানে এই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐ সভায় বরিশালে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা প্রদানে হাসপাতাল কর্তৃপক্ষ সম্মত হয়েছে।
তিনি বলেন, বরিশাল জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার, জেনারেল হাসপাতালকে ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এছাড়া বরিশাল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে করোনায় আক্রান্ত নারীদের চিকিত্সাসেবা প্রদানে ২০ শয্যা প্রস্তুত করা হয়েছে। সর্বশেষ সাউথ অ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ আগস্ট থেকে ৩০ শয্যার করোনা ইউনিট চালু করা হবে। এতে করে বরিশালে করোনা রোগীদের জন্য চিকিত্সাসুবিধা আরো বাড়বে।
