ইত্তেফাক রিপোর্ট
সারা দেশের মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনে নেমেছে বাংলাদেশ কৃষক লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ কৃষক লীগের টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন কমিটির কাজ মনিটরিং করতে গতকাল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন টিকাকেন্দ্রে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ নামক করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জাতিকে রক্ষা করার লক্ষ্যে ৭ আগস্ট থেকে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে বিনা মূল্যে ভ্যাকসিন প্রদানের কর্মসূচি গ্রহণ করেছেন। এই টিকা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনকে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে মানুষকে টিকা প্রদানে উদ্বুদ্ধ করতে, টিকাকেন্দ্রে নিয়ে আসতে, টিকা প্রদানে মানুষকে সহযোগিতা করতে এবং টিকাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ইউনিয়নের টিকাকেন্দ্রে ১০ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করেছে বাংলাদেশ কৃষক লীগ।
