মতলবে করোনা রোগীদের সেবায় লোটাস বাড চ্যারিটি ফোরাম

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:১৩

 মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের প্রতিটি উপজেলায় করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সদর হাসপাতালে রোগীদের চিকিত্সা দেওয়ার স্থান সংকটে ত্রাহি ত্রাহি অবস্থা। সংক্রমণ ও মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। অক্সিজেনের অভাবে সবাইকে হাসপাতালের সেবার আওতায়ও আনা যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার দিয়ে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে মতলব দক্ষিণের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস বাড চ্যারিটি ফোরাম’। তাদের হট লাইনে এক ফোন কলেই মিলছে ফ্রি অক্সিজেন সেবা। মুমূর্ষু রোগীর পরিবারের পাশে থেকে চিকিত্সকের পরামর্শে সেবায় সম্পৃক্ত আছে সংগঠনের কয়েকজন নিবেদিত সদস্য। দেখা গেছে, মতলব দক্ষিণ উপজেলায় হু হু করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিটি গ্রামে প্রাণঘাতী এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, ফলে অক্সিজেন সংকট প্রকট আকার ধারণ করেছে।

করোনা আক্রান্ত এসব মুমূর্ষু রোগীর তত্ক্ষণাত্ সেবা দেওয়ার লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলাস্থ নারায়ণপুর পৌরসভার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস বাড চ্যারিটি ফোরাম’ গত ২ আগস্ট ‘নারায়ণপুর অক্সিজেন ব্যাংক’ নামে বিনা মূল্যে জরুরি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। এক সঙ্গে বৃহত্ পরিসরে দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে সংগঠনটির সঙ্গে যৌথভাবে কাজ করছে অপর একটি স্বেচ্ছাসেবা সংগঠন ‘অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন’। আর এই মহত্ উদ্যোগটির প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন পৌরসভার ব্যবসায়ী, শিক্ষানুরাগী  মিঞা মো. মামুন। করোনা আক্রান্ত কোনো রোগী বা রোগীর স্বজন তাদের হটলাইন নম্বরে ফোন করে ঠিকানা দিলে মুহূর্তের মধ্যেই বাসায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যায় সংগঠনের প্রশিক্ষিত তরুণপ্রাণ স্বেচ্ছাসেবীরা।