ঘরের মাঠ, চেনা উইকেট। হ্যাটিট্রক জয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে সিরিজ জুড়েই ব্যাটিংটা ভালো হয়নি স্বাগতিকদের। গতকাল ব্যাটিংয়ের সবচেয়ে বাজে দিনটা কাটিয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণেই হেরে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টানা তিন হারের পর বাংলাদেশ সফরে স্বস্তির জয় পেল অস্ট্রেলিয়া। লো স্কোরিং ম্যাচে টাইগারদের সব বাধা টপকে গতকাল ৩ উইকেটের জয় তুলে নিয়েছে সফরকারীরা। চার ম্যাচ শেষে সিরিজের স্কোরলাইন এখন ৩-১। আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি দুই দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
গতকাল টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ১০৪ রান তুলেছিল। জবাবে ৭ উইকেটে ১০৫ রান তুলে অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করে। ১২ রানে ৩ উইকেট পাওয়া লেগ স্পিনার মিচেল সোয়েপসন ম্যাচ সেরা হন।
রান তাড়া করতে নেমে চতুর্থ বলেই অধিনায়ক ম্যাথু ওয়েডের (২) উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদী হাসানের বোল্ড হন তিনি। ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে পাঁচ ছক্কা হজম করেন সাকিব। ড্যানিয়েল ক্রিস্টিয়ান ওই ওভারে ৩০ রান তোলেন। তাতেই রানের চাপটা কমে আসে সফরকারীদের। ষষ্ঠ ওভারে ক্রিস্টিয়ানকে ফেরান মুস্তাফিজ। ১৫ বলে ৩৯ রান করেন ক্রিস্টিয়ান।
পরে নাসুম, মেহেদী, মুস্তাফিজজের চাপে ৬৫ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু অ্যাস্টন অ্যাগারের ব্যাটিং দৃঢ়তায় সেই চাপ কাটিয়ে উঠে দলটি। শরীফুলের শিকার হওয়ার আগে ২৭ রান করেন তিনি। টার্নার অপরাজিত ৯, টাই অপরাজিত ৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের মুস্তাফিজ- মেহেদী ২টি করে, শরীফুল-নাসুম ১টি করে উইকেট পান। সাকিব ৪ ওভারে ৫০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
এর আগে অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ সুবিধা করতে পারেনি। মন্থর উইকেটে রান তুলতে গিয়ে সংগ্রাম করেছেন ব্যাটসম্যানরা। মাত্র চারজন দুঅঙ্কের ঘর পার হতে পেরেছিলেন। সৌম্য (৮) রান খরা কাটাতে পারেননি। তার সঙ্গী নাঈম শেখ উইকেটে ছিলেন ১৫তম ওভার পর্যন্ত। কিন্তু ৩৬ বলে করেছেন ২৮ রান। তবে বাংলাদেশকে বড় ধাক্কা দিয়েছেন অজি লেগ স্পিনার সোয়েপসন। নাঈমকে তৃতীয় শিকার বানানোর আগে ১১তম ওভারে পরপর দুই বলে মাহমুদউল্লাহ (০), নুরুল হাসান সোহানকে (০) ফেরান তিনি।
তামিমকে (১ হাজার ৭০১ রান) টপকে টি-২০ দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দিনে সাকিব (১ হাজার ৭০৭ রান) বড় ইনিংস খেলতে পারেননি। ১৫ রান করে ফিরেন তিনি। আফিফ ২০ ও শেষ দিকে মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের স্কোর একশো পার হয়। অস্ট্রেলিয়ার সোয়েপসন-টাই ৩টি করে, হ্যাজেলউড ২টি, অ্যাগার ১টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২০ ওভারে ১০৪/৯
অস্ট্রেলিয়া : ১৯ ওভারে ১০৫/৭
ফল : অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : মিচেল সোয়েপসন (অস্ট্রেলিয়া)
সোমবার পঞ্চম ম্যাচ এবং শেষ ম্যাচ
