আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে শুক্রবার সকালে জমির দখল নিয়ে পূর্ব বিরোধের জের ধরে এক হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ঘর ভাঙচুরসহ টাকা ও স্বর্ণ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আমতলী থানায় ১১ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের বারেক মাতুব্বরের নেতৃত্বে ৩০-৪০ জন এসে মাধব চন্দ্র হাওলাদারকে মারধর করে। এসময় গৃহবধূ কাজল রানির শ্লীলতাহানির চেষ্টা এবং টাকা ও স্বর্ণ লুট করা হয়।
মাধব চন্দ্র হাওলাদার বলেন, বারেক মাতুব্বরের সঙ্গে আমাদের জমি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। এ নিয়ে হামলা করা হয়।
অভিযুক্ত বারেক মাতুব্বর হামলা, মারধর এবং শ্লীলতাহানিসহ টাকা ও স্বর্ণ লুটের কথা অস্বীকার করেন। তিনি বলেন, মাধব চন্দ্রের দখলীয় সরকারি জমি বন্দোবস্ত সূত্রে আমি মালিক। তারা জোর করে আমার জমি দখল করে আছে।
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, মারধরের খবর পেয়েছি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ১১ জনকে আসামি করে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জনের নামে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
