‘উপনির্বাচনে বিজেপি জিতবে’:তৃণমূল নেতার বক্তব্যে পশ্চিমবঙ্গে তোলপাড়

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০০:২০

কিছু দিন আগেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন মুকুল রায়। তিনি ফেরায় তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়বে এমন প্রত্যাশাই ছিল। কিন্তু হঠাত্ করে তার এক বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। গত শুক্রবার কৃষ্ণনগরে সংবাদমাধ্যমের সামনে মুকুল রায় বলেন, রাজ্যের আসন্ন উপনির্বাচনে বিজেপি জিতবে। আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে বিজেপি স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে। সেই সময় তার পাশে থাকা নেতাকর্মীরা একাধিক বার ভুল ধরিয়ে দেওয়া সত্ত্বেও বিজেপির পক্ষ নিয়েই কথা বলেন মুকুল। যদিও কিছুটা পরে ভুল শুধরে তিনি বলেন, নিঃসন্দেহে উপনির্বাচনে তৃণমূল জিতবে। আগামী দিনে ত্রিপুরায়ও জিতবে তৃণমূল।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মুকুল রায়ের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপত্র শামিক ভট্টাচার্য বলেন, মুকুল রায় কৃষ্ণনগরের ভোটারদের সঙ্গে বেইমানি করেছেন। তিনি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তবে অজ্ঞাতসারে সত্য কথাটা বলেছেন। এদিকে মুকুল রায় দাবি করেছেন, তিনি মুখ ফসকেই তৃণমূলের জায়গায় বিজেপির জয়ের কথা বলে ফেলেছেন। গতকাল শনিবার আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, যেটা হয়েছে, সেটা হওয়া উচিত হয়নি। একেবারেই ঠিক হয়নি।

বাবা মুকুলের বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমকে ছেলে শুভ্রাংশু রায় বলেন, মায়ের চলে যাওয়ার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি। তার প্রভাব বাবার শরীরে পড়েছে। অনেক কথা মনে রাখতে পারছেন না। পুরনো অনেক ঘটনা তো বটেই, ভুলে যাচ্ছেন সাম্প্রতিক ঘটনাও। কখনো আবার পর ক্ষণে সম্বিতও ফিরে আসছে। তার শারীরিক অবস্থা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে তার কোনো মন্তব্যকে ফুলিয়ে ফাঁপিয়ে না দেখাই উচিত।

দীর্ঘ সাড়ে তিন বছর বিজেপিতে ছিলেন মুকুল রায়। গত ১১ জুন ফিরেছেন তৃণমূলে। অনেক দিন বিজেপির হয়ে কথা বলার অভ্যাস থেকেই কি এই ভুল? আনন্দবাজার পত্রিকাকে এমন প্রশ্নের জবাবে মুকুল রায় বলেন, সেসব বলব না। আমি শুধু বলব, যেটা হয়েছে সেটা হওয়া উচিত নয়।