আফগানিস্তানে আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। গতকাল দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবারগান শহরটি তারা দখলে নিয়েছে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর। সেখানকার একটি কারাগার দখল করার পর সব বন্দিকে মুক্ত করে দেওয়া হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার
শেবারগানের ডেপুটি গভর্নর কাদের মালিয়া জানান, সরকারি বাহিনী এবং কর্মকর্তারা নিজেদের রক্ষার চেষ্টা করছে। তারা আত্মসমর্পণের পথে। কারণ শহরটির পুরো নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এটি হলো তালেবানের দখলে চলে যাওয়া দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। তালেবানের এক জন মুখপাত্র বলছেন, শহরটির অধিকাংশ সরকারি ভবন এখন তাদের নিয়ন্ত্রণে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জন মুখপাত্র বলেছেন, শহরটির অধিকাংশ এলাকাই এখনো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনা ঘটল। এর আগে শুক্রবার তালেবান বিদ্রোহীরা নিমরোজ প্রদেশের রাজধানী যারাঞ্জ শহরটি দখল করে। এ ছাড়া উত্তরের লস্কর গাহ ও কুন্দুজ শহরেও তীব্র লড়াই চলছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেবারগানে শনিবার তালেবান বিদ্রোহীরা এক আক্রমণ চালানোর পর শহরের কারাগারটি থেকে শত শত বন্দি বেরিয়ে আসছে। শুক্রবার তীব্র যুদ্ধের পর তালেবান এই শহরটির সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ নেয়। তবে এ অঞ্চলের এক জন কাউন্সিল প্রধান বাবুর এশচি বিবিসিকে বলেছেন, তালেবান এখন পুরো শহরটিরই নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, শুধু সেনাবাহিনীর একটি ঘাঁটি ছাড়া। তবে সেখানেও এখন যুদ্ধ চলছে।
সারা আফগানিস্তানে বিভিন্ন অংশে যখন যুদ্ধ চলছে তখন নিরাপত্তা বাহিনীর জন্য এটি আরেকটি বড় আঘাত। সম্প্রতি মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করার পর থেকেই দেশটির বিভিন্ন অংশে তীব্র যুদ্ধ চালিয়ে তালেবান দ্রুতগতিতে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তার নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে।
