নরসিংদী জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার উত্তরে বেলাব উপজেলার মরজাল বাজার থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে রয়েছে দুটি গ্রাম—একটির নাম উয়ারী, আরেকটি বটেশ্বর। এই দুটি গ্রাম থেকে পাওয়া গিয়েছে ২০০০ বছর আগের স্থাপনার নিদর্শন ও মূল্যবান সম্পদ। যেগুলো বর্তমানে জাদুঘরে সংরক্ষিত আছে। সম্পদগুলোর মধ্যে রয়েছে ছাপযুক্ত মুদ্রা, নানা ধরনের মূল্যবান পাথর এবং পাথর দিয়ে তৈরি নানা সামগ্রী। পাওয়া গিয়েছে লোহার তৈরি নানা জিনিস। উয়ারী ও বটেশ্বর গ্রাম দুটির বেশিরভাগ নিদর্শন মূলত মাটির নিচে পাওয়া গেছে।
উয়ারী দুর্গ নগরীতে যে পুরাতন নিদর্শনগুলো পাওয়া গেছে, সেসব থেকে ঐতিহাসিকেরা মনে করেন যে এই জনপদে বসবাসরত লোকজনের বেশিরভাগের পেশা ছিল কৃষিকাজ। মূলত ওয়ারি বটেশ্বর এই দুই গ্রামের জনগণ অন্যান্য গ্রামের জনগণের তুলনায় প্রযুক্তির দিক থেকে বেশ খানিকটা উন্নত ছিল। যেমন তারা ধাতু গলিয়ে কী করে মুদ্রা তৈরি করতে হয় তা জানত, পুতির সঙ্গে নানা ধরনের পদার্থ মিশিয়ে অলংকারও বানাতে পারত। আরেকটা বিশেষ জিনিস এই অঞ্চলে পাওয়া গিয়েছে, সেটা হলো উত্তরাঞ্চলীয় কালো মসৃণ মৃত্পাত্র। এছাড়াও পাওয়া গেছে লোহার পেরেক, ধাতুর তৈরি ক্ষুদ্র জিনিস ও পোড়া মাটির জিনিস।
সানজিদা মাহমুদ মিষ্টি
