নেত্রকোনায় আমন আবাদে ব্যস্ত কৃষক

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:০০

নেত্রকোনা প্রতিনিধি

আবহাওয়া অনুকূলে থাকায় নেত্রকোনায় আমন আবাদে ব্যস্ত সময় পার করছে কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ব্যস্ততা। নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় ১ লাখ ৩০ হাজার ৭৬০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে ৫৫ হাজার হেক্টর। কৃষি বিভাগ আরো জানায়, জেলায় এবার ১ লাখ ৬ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চফলনশীল, ৩ হাজার ৫৬০ হেক্টরে হাইব্রিড এবং ২১ হাজার হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন আবাদ করা হচ্ছে। যে গতিতে আমন আবাদ হচ্ছে, তাতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হবে।

এদনপুরের কৃষক সুজাদুল ইসলাম ফারাস বলেন, এখন পর্যন্ত আমন আবাদে তাদের কোনো সমস্যা হয়নি। সময় সময় বৃষ্টি হওয়াতে সেচের কাজ হচ্ছে। সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, আবহাওয়া ভালো থাকায় কৃষকরা আমন ধানের আবাদ ভালোভাবেই করতে পারছেন। সমস্যা হচ্ছে না। এদিকে নেত্রকোনা জেলা সার ডিলার সমিতির সহসভাপতি ফরিদুল হক বলেন, এখন আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের আমন আবাদে কোনো সমস্যা হচ্ছে না। তারা ইউরিয়া, ডিএপি এবং এমওপিসহ সব ধরনের সারও পাচ্ছেন। সরকার থেকে প্রণোদনাও দেওয়া হচ্ছে।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোবারক হোসেন বলেন, এ বছর নেত্রকোনায় আমন আবাদে সমস্যা হচ্ছে না। জেলার সর্বত্রই পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। সেচের যেমন সমস্যা হচ্ছে না, তেমনি আমন চারা উত্পাদনেও কৃষকদের কোনো সমস্যা হয়নি। এদিকে শহরতলির আশপাশে গিয়ে দেখা গেছে, কোনো কোনো এলাকায় গ্রাম থেকে শহরের আশপাশের এলাকায় আমন চারা উত্পাদনকারীরা আমন চারা রিকশায় এনে কৃষকদের কাছে বিক্রি করছে।

নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা সার মনিটরিং কমিটির সভাপতি কাজি মো. আবদুর রহমান বলেন, প্রতি মাসে সার মনিটরিং কমিটির সভায় জেলার সার বিপণন ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। নেত্রকোণায় সব ধরনের সার পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের সার পেতে কোনো সমস্যা হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।