বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সৌরভ সরদারের বাড়ি থেকে চাখার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। রাস্তাটি দীর্ঘ বছর ধরে ঐ অবস্থায় পড়ে আছে। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত লোক যাতায়াত করছে। শিক্ষার্থী থেকে শুরু করে পথচারীদের যেন ভোগান্তির শেষ নেই। স্থানীয় মো. মানিক মিয়া জানান, এই কাঁচা রাস্তাটি বহু বছর এভাবেই পড়ে আছে। নির্বাচিত চেয়ারম্যান মেম্বাররা বহু বার প্রতিশ্রুতি দিয়েছে রাস্তাটি পাকা করবেন বলে কিন্তু আজও তার দেখা মেলেনি। একই অভিযোগ শিক্ষক মো. আ. ছালাম, ব্যবসায়ী মো. রুস্তম আলীর। এ ব্যাপারে সলিয়াবাকপুর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মাস্টার বলেন, আমি সবেমাত্র শপথ নিয়েছি। বহু বছর ধরে সরদার বাড়ি হয়ে চাখার পর্যন্ত এই কাঁচা রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে আছে। অচিরেই রাস্তা পাকা করার সিদ্ধান্ত নিয়েছি।
