বদরগঞ্জে হাতকড়াসহ আসামির পলায়ন

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:০২

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

বদরগঞ্জে ওসমান গনি (৩৬) নামের এক মাদক মামলার আসামি হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে গেছে। রবিবার সকাল ৭টার দিকে ওসমান গনিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য নেওয়া হলে সেখান থেকে তিনি পালিয়ে যান। ওসমান গনি উপজেলার দামোদরপুর ইউপির মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে। শনিবার রাতে লোহানীপাড়া ইউপির কাঁচাবাড়ি এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, গ্রেফতারের পর থেকে আসামি ওসমান গনি অসুস্থতার ভান শুরু করে। এ অবস্থায় পুলিশ ভ্যানে করে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যায়। তাকে ধরতে সাঁড়াশি অভিযান চলছে।