খুলনা ও রংপুর বিভাগে করোনায় আরো ৩৮ মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:০২

খুলনা অফিস

খুলনা বিভাগে শনিবার দুপুর ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৬১২ জন। রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যশোরে সাত জন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুর বিভাগে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এবং পাঁচ জেলায় এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দিনাজপুরে পাঁচ জন, রংপুরে দুই জন, ঠাকুরগাঁয় একজন, পঞ্চগড়ে একজন এবং কুড়িগ্রাম জেলায় একজনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।