পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দিলজার হোসেন পারভেজ নামের এক ফুল বিক্রেতা যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পঞ্চগড় জেলা সদরের মসজিদপাড়া মরিয়ম নার্সারিতে এ ঘটনা ঘটে। নিহত দিলজারের বাড়ি জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কালমেঘ কবিরাজপাড়া গ্রামে। সে ঐ গ্রামের রমজান আলীর ছেলে। স্থানীয়রা জানায়, দিলজার মরিয়ম নার্সারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। নার্সারি মালিকের বাসায় অবস্থান করতেন। সকালে ঘুম থেকে উঠে অফিস কক্ষে ফুল গোছানোর কাজ করছিলেন দিলজার। ঘরটির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ফুটো হয়ে ঘরের নেটের বেড়ায় বিদ্যুতায়িত হয়েছিল। কাজের ফাঁকে তার হাত ঐ নেটের বেড়ার সঙ্গে লাগলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
