গোপালগঞ্জে লক্ষ্যমাত্রার বেশি টিকা প্রয়োগ

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গণটিকাদানের প্রথম দিনে শনিবার গোপালগঞ্জে শতভাগের বেশি লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। সিভিল সার্জন অফিস এ দিন গোপালগঞ্জ জেলায় ৪৩ হাজার ২০০ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু টিকা গ্রহণ করেছেন ৪৩ হাজার ৩৯৮ জন। গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান বলেন, গোপালগঞ্জ জেলায় আমরা ৪২ হাজার ২০০ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করি। কিন্তু টিকা নিয়েছেন ৪২ হাজার ৩৯৮ জন। টিকা গ্রহণের শতকরা হার ১০০.৪৬ শতাংশ। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১২ হাজার ২০৬ জন, গোপালগঞ্জ পৌরসভায় ১ হাজার ৯৬৮ জন, টুঙ্গিপাড়ায় ৩ হাজার জন, কোটালীপাড়ায় ৭ হাজার ২৭৮ জন, কাশিয়ানীতে ৮ হাজার ৩৯৮ জন, মুকসুদপুরে ১০ হাজার ১৫২ জন টিকা নিয়েছেন। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আমাদের হাতে ১ লাখ ২০ হাজার ডোজ করোনা টিকা মজুত ছিল। এমন অবস্থায় আমরা জেলার পাঁচ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও চারটি পৌরসভার ৭৮টি কেন্দ্রের ২১৬টি বুথে শনিবার গণটিকা প্রয়োগ করেছি। যারা এ দিন টিকা নিতে পারেননি, তাদের পরে টিকা দেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।