ব্র্যাককে জিরো-কুপন বন্ড ইস্যু করার জন্য অনুমোদন দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। এর ফলে ব্র্যাক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ হাজার ৩৫০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করতে পারবে। সম্প্রতি এমআরএ-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্র্যাকের চিফ ফাইনানশিয়াল অফিসার তুষার ভৌমিকের কাছে এই অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন এমআরএ-এর নির্বাহী পরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ, পরিচালক মুহাম্মদ মাজেদুল হক ও মো. নূরে আলম মেহেদি এবং ব্র্যাকের সহযোগী পরিচালক অসিত বরণ দাস। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাককে ১ হাজার ৩৫০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছিল।
এটি আনসিকিউরড, নন-কনভার্টিবল এবং ফুললি রিডিমেবল। এর মেয়াদ হবে দেড় থেকে পাঁচ বছর। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট এবং উচ্চ সম্পত্শালী ব্যক্তিরা ১ কোটি টাকার একাধিক গুণিতক দিয়ে এই বন্ড কিনতে পারবেন। এই ইস্যুটির লিড অ্যারেঞ্জার হিসেবে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে। —প্রেস বিজ্ঞপ্তি
