ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যাবার জন্য ব্যবসায় সহজীকরণের বিকল্প নেই। বাংলাদেশ সরকার ব্যবসায়-বাণিজ্যের জন্য কোম্পানি রেজিস্ট্রেশন ক্ষেত্রে সময়, খরচ কমাতে এবং আনুষ্ঠানিকতা সহজ করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অটোমেশন চালু করা হয়েছে এবং অনেক সংস্কার করা হয়েছে। নির্দিষ্ট আইনের আওতায় আরজেএসসি কাজ করে থাকে। এখন ডিজিটাল পদ্ধতিতে অতি অল্প সময়ে এবং কম খরচে ব্যবসায়ীগণ কোম্পানি রেজিস্ট্রেশন-সেবা পাচ্ছেন। আগামীতে এ সুবিধা আরো বাড়বে বলে তিনি উল্লেখ করেন। বাণিজ্যমন্ত্রী গতকাল রবিবার ভার্চুয়াল পদ্ধতিতে বিজনেস ইনেসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং ইউএসএইড যৌথভাবে আয়োজিত ‘রিমুভিং টাইম, কস্ট অ্যান্ড প্রোসেস রিলেটেড বটলনেকস ইন কোম্পানি রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ’ শীর্ষক ওয়েবিনারে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু সময় ও খরচ কমানো নয়, আগামীতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ইজ অব ডুয়িং বিজনেসে আরো দৃশ্যমান উন্নতির জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীগণ এখন ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থার সুবিধা ভোগ করছেন।
বিল্ড চেয়ারপারসন আবুল কাশেম খানের সঞ্চালনায় ওয়েবিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ফিড দি ফিউচার অফিস অব ইকোনমিক গ্রোথ ইউএসএইডের ভারপ্রাপ্ত ডেপুটি অফিস ডিরেকটর রেবেকা মোনিকেয়ালা প্রমুখ।
