আদিবাসীদের অধিকার নিশ্চিত হোক

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:৩৯

১৯৯৪ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আদিবাসী দিবস পালিত হয়। বিশ্বের প্রায় ৯০টি দেশের ৩৭০ বিলিয়ন মানুষ এ দিবসটি পালন করে। নাগরিক অধিকার, প্রাকৃতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার ও সম্পদের অধিকারসহ আদিবাসীদের নিজস্ব মর্যাদা ও স্বীকৃতির দাবিতে দিবসটি পালিত হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এ দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশ বদ্বীপটির উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো আর পার্বত্য চট্টগ্রামে রয়েছে বিভিন্ন আদিবাসীর বসবাস। সব মিলিয়ে বাংলাদেশে প্রায় ১৫ লাখ ৮৭ হাজারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী আছে। আমাদের দেশসহ বিশ্বের আদিবাসীরা নানা সমস্যা, অসুবিধা বা অনিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তাদের জাতিগত মর্যাদা প্রদানের পাশাপাশি তাদের সংস্কৃতি রক্ষায় সচেষ্ট হতে হবে। সর্বোপরি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য পাহাড়ে আর সমতলে বসবাসরত আদিবাসীদের কোনোক্রমেই পিছিয়ে রাখা যাবে না।

মোহাম্মদ তাওহিদুল ইসলাম মিশুক

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়