নিয়োগ বিজ্ঞপ্তি নয় যেন বদলি বিজ্ঞপ্তি!

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:৩৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রতিষ্ঠিত হওয়া এনটিআরসিএ-র তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি নয়, যেন বদলি বিজ্ঞপ্তি! শিক্ষক হওয়ার জন্য নিবন্ধিত প্রার্থীদের ভোগান্তি আরো বাড়িয়ে তুলেছে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৫১ হাজার ৮৬৫ জনের নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তি প্রদান করা হলে ৮৯ লাখের বেশি আবেদন জমা পড়ে। এত আবেদন জমা পড়লেও নারী কোটা ও যোগ্য প্রার্থীর অভাবে ৩৬৫৪০ জনের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ২১৮৭৩ জন সুপারিশ পেয়েছেন চাকরিরত শিক্ষক। অর্থাত্ শুধু এনটিআরসিএ-র ভুল সিদ্ধান্তে ৫১৮৬৫ পদের বিপরীতে বিজ্ঞপ্তি দিয়ে ১৪৬৬৭ জনের চাকরির জন্য সুপারিশ করেছেন এনটিআরসিএ। বদলি পদ্ধতি চালু না করে ইনডেক্সধারীদের আবারো গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়াই এই সমস্যার মূল কারণ। এতে ৩৭১৯৮ জন নিবন্ধনধারী প্রার্থী বঞ্চিত হলেন চাকরি পাওয়া থেকে। বেকারত্বের হার বাড়িয়ে দিলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পদগুলো শূন্যই থেকে গেল। শিক্ষক সংকট আবার তীব্র হলো। তাই বদলি প্রক্রিয়া চালু করার বিকল্প নেই। গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদনের সুযোগ না দিলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে বাংলাদেশ।

মো. আজিনুর রহমান

মিয়াপাড়া, ডিমলা, নীলফামারী