শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রান্তিক তরুণদের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘ছায়া যুব সংসদ ২০২১’ ভার্চুয়ালি আয়োজন করা হয়। ২০১৯ সালে বাংলাদেশে যুব ছায়া সংসদ প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়। পথশিশু, জেলে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায়, পার্বত্য চা-বাগানের সংখ্যালঘুদের মতো সমাজের পিছিয়ে পড়া এবং অবহেলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের অধিবেশনে। বাংলাদেশের জাতীয় সংসদের আদলে এই অনুষ্ঠানের যাবতীয় কার্যাবলিকে সাজানো হয়েছে। জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) এবং অ্যাকশন এইড বাংলাদেশ যৌথ উদ্যোগে এবার এ সংসদের আয়োজন করা হয় গত শুক্রবার ও শনিবার। অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠ করেন ইউনিস্যাবের প্রেসিডেন্ট শ্যামী ওয়াদুদ। উদ্বোধনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি। তিনি ইউনিস্যাবের ট্রাস্টি বোর্ডের সহসভাপতি।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন দেশের বিভিন্ন প্রান্তের ছায়া সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকার সমস্যা এবং তার সমাধানের ব্যাপারে বক্তব্য রাখেন। এ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় প্রান্তিকদের ভূমি দখল, আইন ও বিচারব্যবস্থার নিষ্ক্রিয় ভূমিকা, মাতৃত্বকালীন ভাতা দুই বছর থেকে পাঁচ বছরে উন্নীত করার কথা উল্লেখ করেন। তারা গণমাধ্যম এবং গণমানুষের মতো প্রকাশের স্বাধীনতার কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং সমাজের চলমান অসংগতিগুলো নিরসনে কার্যকর বিভিন্ন সমাধানও তুলে ধরেন। এবারের আয়োজনে ছিল স্থায়ী কমিটি সেশন, প্রস্তাবনা পেশ, বিল উত্থাপন, ভোট গ্রহণ, প্রেস ব্রিফিং এবং ফলাফল ঘোষণাসহ নানা বিষয়। জাতীয় সংসদের মতো একজন স্পিকার সেশনগুলো পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের উপস্থিতিতে এবাবের আয়োজনের সমাপ্তি ঘটে। —প্রেস বিজ্ঞপ্তি
