কর্মহীন পরিবারকে অর্থসহায়তা দেওয়ার দাবি জি এম কাদেরের

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

করোনাকালে কর্মহীন প্রত্যেক পরিবারকে মাসে ১০ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। জি এম কাদের বলেন, কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ অর্থসংকটে দিশাহারা। তাদের এই হাহাকার কমাতে হবে। যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাশ হয়েছে সংসদে, তাদের অবস্থা আজ শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সব পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে। স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে। এতে প্রতি মাসে খরচ হবে মাত্র ২০ হাজার কোটি টাকা।

বিবৃতিতে তিনি আরো বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরো অন্তত সাড়ে ৩ কোটি মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। একটি নির্বাচনি এলাকার বার্ষিক সরকারি সহায়তা বিশ্লেষণে দেখা গেছে, সরকারি হিসাব অনুযায়ী ৩ লাখ ৩৩ হাজার ১৬৬ জনসংখ্যার অধ্যুষিত এলাকায় শতকরা ৩৩ ভাগ দরিদ্র। তাদের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৫ জন। সেখানে ২০২০-২০২১ অর্থবছরে নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০ টাকা। খাদ্যশস্য বিতরণ করা হয়েছে ৮৮ লাখ ৯৯ হাজার ৬৭৯ টাকার। এ ছাড়া শিশুখাদ্য ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সর্বমোট বরাদ্দ হয়েছে ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৭৪৯ টাকা। এই হিসাবে বছরে জনপ্রতি বরাদ্দ ১৯১ টাকা, আর প্রতি মাসে জনপ্রতি বরাদ্দ মাত্র ১৬ টাকা।