বিএনসিএমআরসির অস্থায়ী ল্যাবের নামে যন্ত্রপাতি ক্রয়ের প্রচেষ্টা দুর্নীতিসহায়ক ---------------------টিআইবি

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার (বিএনসিএমআরসি) নামক সরকারি চিকিত্সা গবেষণাগারের অবকাঠামোগত কাজ শুরুর আগেই অস্থায়ী ল্যাবের নামে অস্বচ্ছ প্রক্রিয়ায় যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সরকারি ক্রয় বিধির প্রচলিত নিয়ম না মেনে এ প্রকল্পে যেভাবে একটি বিশেষ প্রতিষ্ঠানকে বাড়তি দরে কাজ দেওয়ার চেষ্টার পাশাপাশি প্রভাব খাটানোর যে নজির তৈরি করা হয়েছে, তা সরকারি ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতির একটি নগ্ন উদাহরণ বলে মনে করে সংস্থাটি। এক্ষেত্রে দরপত্র প্রক্রিয়া আটকে দেওয়ার মধ্যে দায়িত্ব শেষ না করে এ ধরনের চেষ্টায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার মাধ্যমে পুরো প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কেই কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করে টিআইবি।

গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দরপত্র মূল্যায়ন কমিটিতে কারিগরি উপকমিটির সদস্যদের অন্তর্ভুক্তি, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ডিপিপি সংশোধন করে বৈদেশিক মুদ্রায় অবৈধভাবে কেনাকাটার অনুমতি প্রার্থনা, দরপত্রের হালনাগাদ অগ্রগতি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে না পাঠানো এবং দরপত্রের আর্থিক মূল্যায়নে কোনো ধরনের প্রতিযোগিতা না হবার মতো গুরুতর সব অনিয়মের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বয়ং। তাই প্রকল্পটির সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত বাস্তবায়নে এ সংক্রান্ত সব কমিটি ঢেলে সাজাতে হবে এবং কঠোর তদারকির মাধ্যমে জবাবদিহিমূলক প্রক্রিয়া জোরদার করতে হবে।