প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাত্

বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইরান

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২:৩৮

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সায়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার তেহরানে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাত্কালে প্রেসিডেন্ট রাইসি ২০ বছর আগে তার বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বিশেষভাবে যশোরে তার সফরের কথা উল্লেখ করেন।

নির্বাচনে বিজয়ের পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানান রাইসি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। ইরানের নতুন প্রেসিডেন্ট বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহও ব্যক্ত করেন এবং পারস্পরিক কল্যাণে বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গেও সৌজন্য সাক্ষাত্ করেন। আলোচনায় প্রতিমন্ত্রী যোগাযোগ, সরকারি খাতে সহযোগিতা ও বিনিয়োগের ওপর জোর দেন। দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট রাইসির শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মতো বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশগ্রহণ করে। তিন সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।