ঝালকাঠিতে একটি হাফেজিয়া মাদ্রাসায় দুষ্টুমি করায় আট শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে কক্ষে আটকে রাখার ঘটনা ঘটেছে। সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের কে এ খান মাদ্রাসায় গত শনিবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহকে রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদ্রাসা থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল রবিবার সকালে নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী মো. আমিরুল ইসলামের বাবা শামিম খলিফা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ উল্লাহকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেছেন। শিক্ষক মোহাম্মদ উল্লাহকে আদালতে হাজির করা হলে তাকে জেলা হাজতে পাঠানো হয়। ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, শিশু শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে মামলা করেছেন নির্যাতনের শিকার এক শিশুর অভিভাবক। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
