খুলনায় বাড়িঘরে হামলা, মন্দির ভাঙচুর

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২:৪৩

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার এ হামলার ঘটনা ঘটে। এ সময়  গ্রামটির মন্দিরসহ বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ ঘটনায় মামলা হলে ১০ জনকে গ্রেফতার করে গতকাল রবিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে তেরখাদা উপজেলার শেখপুরা, চাঁদপুর ও বামনডাঙ্গা গ্রামের শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে শিয়ালী গ্রামে হামলা চালায়। এ সময় সাতটি মন্দির, প্রতিমা ও বাড়িঘর ভাঙচুরসহ নারী-পুরুষদের মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শক্তিপদ মণ্ডল বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলার এজাহারনামীয় ৯ জনসহ ১০ জনকে গ্রেফতার করে রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে শিয়ালী গ্রামের একদল লোক কীর্ত্তন গাইতে গাইতে মসজিদসংলগ্ন রাস্তা অতিক্রম করছিল। এ সময় কয়েকজন গ্রামবাসী নামাজের সময় গান করতে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে অনেকের ধারণা।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ইত্তেফাককে বলেন, রূপসায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আশা করি আর কোনো খারাপ অবস্থার সৃষ্টি হবে না।