বরিশালে করোনা রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২:৪৪

বরিশালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। ফোন করলেই বিনা মূল্যে করোনা আক্রান্ত রোগীদের ঘরে অক্সিজেন পৌঁছে দেবে প্রশাসন। গতকাল রবিবার দুপুর ১টায় নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল রোটারি ক্লাবের সভাপতি মাহমুদুল হক খান মামুন, রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক ও শহিদ আবদুর রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ। পাশাপাশি বরিশাল সদর হাসপাতালে করোনা রোগীর জন্য এই সেবা চালু করেছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত শ্বাসকষ্টের রোগীর তথ্য ফোনে জানালেই দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। অক্সিজেনের জন্য মোবাইলে ফোন করলে অথবা বরিশাল জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে ও মিডিয়া সেলে জানালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় চলে যাবে সদস্যরা।

জেলা প্রশাসনের এই উদ্যোগের সঙ্গে সহযোগিতা করবেন রোটারি ক্লাব বাংলাদেশ এবং খুলনা অক্সিজেন ব্যাংকের সদস্যরা। প্রথমে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই সেবা পরিচালনা করা হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দরিদ্র অসহায় মানুষের জন্য ২২ ধরনের ওষুধ দেওয়া হবে। অক্সিজেনের জন্য হটলাইন (এনডিসি বরিশাল- ০১৭৪৫০৩৬৫৪০, নাজির সার্কিট হাউজ-০১৭১২৭০০৩৩৮, মো. আসাদ শেখ-০১৯৬৯৭৯৩৮৭৬, রুবেল-০১৭৬৭৫৮১৭২২, মাসুদ-০১৯৯৯৭৮৫৮৯৩) নম্বরে ২৪ ঘণ্টা কল করা যাবে।