জুলাই মাসের নমিনেশন পেলেন সাকিব
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য নমিনেশন পেলেন সাকিব আল হাসান। জুলাই মাসের সংক্ষিপ্ত তালিকায় সাকিবের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করেছে আইসিসি।
গত জানুয়ারিতে প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার চালু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গত মে মাসে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ পুরস্কার পেয়েছিলেন মুশফিকুর রহিম।
জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণে বাংলাদেশের সিরিজ জয়ে বড় অবদান ছিল সাকিবের। একমাত্র টেস্টে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও বোলিংয়ে ৫ উইকেট নেন। দ্বিতীয় ওয়ানডেতে দলের বিপর্যয়ের মুখে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনি। অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে দলকে দারুণ জয় এনে দেন সাকিব। তিন ওয়ানডেতে নিয়েছিলেন ৮ উইকেট। পরে টি-২০ তেও ৩ উইকেট পেয়েছিলেন এ বাঁহাতি ক্রিকেটার। জিম্বাবুয়ে সফরে এ পারফরম্যান্সের কারণেই নমিনেশন পান বিশ্বসেরা এ অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ পারফরম করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২১৯ রান করেছেন তিনি। বোলিংয়েও নিয়েছেন ৮ উইকেট।
ক্যারিবিয়ান লেগ স্পিনার ওয়ালশ জুনিয়র ওয়ানডে ও টি-২০ তে পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে। তিন ওয়ানডেতে ৭ উইকেট ও টি-২০ তে ১২ উইকেট নিয়েছেন তিনি।
জুলাই মাসে নারী ক্রিকেটে সেরাদের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্টেফানি টেইলর।
প্লেয়ার অব দ্য মান্থ নমিনেশন সাকিবের জন্য স্বস্তির খবরই বটে। কারণ শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচটা বল হাতে ভালো কাটেনি তার। ৪ ওভারে দিয়েছেন ৫০ রান, যার মধ্যে এক ওভারে হজম করেছেন ৫টি ছক্কা। বিষণ্ন সেই স্মৃতি মুছে ঘুরে দাঁড়াতে তাকে সাহায্য করবে আইসিসির এ স্বীকৃতি। আজই সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। যদিও বাংলাদেশ দলকে পাশেই পাচ্ছেন সাকিব। অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, আমরা জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার। সে দারুণভাবে ঘুরে দাঁড়াবে।
