স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের কন্ডিশনে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে এসে কঠিন পরীক্ষায় পড়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছেন না সফরকারী দলের ব্যাটসম্যানরা। মোসেস হেনরিকস, ড্যানিয়েল ক্রিস্টিয়ানের মতো ‘টি-২০’ বিশেষজ্ঞ ক্রিকেটাররা বলছেন, এমন কঠিন কন্ডিশনে আগে খেলেননি।
টানা তিন হারের পর বাংলাদেশ সফরে জয়ের খাতা খুলেছে অস্ট্রেলিয়া। গত শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ম্যাথু ওয়েডের দল। জয়ের পর কন্ডিশনের রহস্য ভেদ করার আত্মবিশ্বাসও জন্মেছে দলটির মধ্যে। মিরপুর স্টেডিয়ামের স্লো উইকেটে স্পিনই হবে বড় অস্ত্র। শেষ ম্যাচেও তাই তিন স্পিনার নিয়েই খেলবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ব্যাটিংয়েও কিছু রান চান অধিনায়ক ওয়েড। এক্ষেত্রে ক্রিস্টিয়ানের মতো আগুনে ব্যাটিংকে অবলম্বন ভাবছেন তিনি।
আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ ম্যাচ দিয়েই বাংলাদেশ সফর শেষ হবে অস্ট্রেলিয়ার।
নিজেরা রান কম করায় খুব অস্বস্তি নেই অস্ট্রেলিয়ানদের মধ্যে। কারণ এ উইকেটে রান তুলতে সংগ্রাম করছে বাংলাদেশের ব্যাটসম্যানরাও। অজি অধিনায়ক ওয়েড বলেছেন, ‘আরো কিছু রান পাওয়াটা খেলোয়াড়, আমার নিজের জন্য দারুণ কিছু হবে। এটা এমন নয় যে শুধু আমরা খারাপ ব্যাটিং করেছি, এমনকি তারা (বাংলাদেশ) সংগ্রাম করছে। কিন্তু রান তুলতে আমরা আরেকটি সুযোগ পাব পরের ম্যাচে, আমি ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে।’ আজও অস্ট্রেলিয়ার একাদশে তিন স্পিনার থাকবে ইঙ্গিত দিয়ে ওয়েড বলেছেন, ‘বোলাররা স্পষ্টতই সিরিজটাতে দাপট দেখাচ্ছে। আমরা হয়তো পরের ম্যাচেও তিন স্পিনার খেলাব।’
চতুর্থ ম্যাচে অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার ও মিচেল সোয়েপসনকে খেলিয়েছে অস্ট্রেলিয়া। তিন স্পিনার ১২ ওভারে দিয়েছেন ৫৬ রান। উইকেট নিয়েছে ৪টি।
গত শনিবার ১২ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বনাশ করেছিলেন লেগ স্পিনার সোয়েপসন। ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। গতকাল তিনি বলেছেন, ‘আমার মনে হয় কৌশলটা আমাদের কাজে লেগেছে। অ্যাস্টন টার্নার পুরো ৪ ওভার বল করেছে। ১২ ওভার আমরা স্পিন করিয়েছি যা আমাদের সাফল্য পেতে কাজে দিয়েছে। হয়ত এটা আমরা আগের ম্যাচগুলোতে করতে পারতাম। স্পিনারদের দিয়ে বেশি ওভার করানো কাল (শনিবার) যেমন আমাদের ফল দিয়েছে।’
