স্পোর্টস ডেস্ক
এক বার নয়, দুই বার নয়, টানা সাত বার অলিম্পিক নারী বাস্কেটবলে স্বর্ণ বাগিয়ে নিল যুক্তরাষ্ট্র। গতকাল টোকিও অলিম্পিকের শেষ দিনে জাপানকে ৯০-৭৫ পয়েন্টে হারায় তারা। সাত বারের এই জয়ে পাঁচ বারই সাক্ষী হিসেবে ছিলেন দুই খেলোয়াড় সু বার্ড ও টওরাসি ডায়ানা। অলিম্পিক ইতিহাসে আর কোনো বাস্কেটবল খেলোয়াড়েরই তাদের থেকে বেশি স্বর্ণপদক নেই।
অনন্য এই কীর্তি গড়ার পর ডায়ানা বলেন, ‘২০ বছরের আত্মত্যাগের ফল এটা। সবকিছু একপাশে রেখে শুধুই জিততে চেয়েছি। চাপ নিয়ে এরকম একটা দলের সঙ্গে খেলা সহজ নয়। তবে এই দল কোনো না কোনোভাবে জয়ের পথ খুঁজে নিবে এবং আমি খুব খুশি যে দল সেটা উপভোগ করতে পেরেছে।’
১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক থেকেই বাস্কেটবলের কোর্টে অজেয় যুক্তরাষ্ট্র। তাই ফাইনালে জাপানকে বলতে গেলে কোনো সুযোগই দেয়নি তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ পয়েন্ট স্কোর করেন ব্রিটনি গ্রিনার। দুর্দান্ত এই জয়ে উচ্ছ্বসিত এই খেলোয়ার বলেন, ‘টানা সাতটি অলিম্পিক স্বর্ণ, অসাধারণ। তাতেই যুক্তরাষ্ট্র বাস্কেটবলের সবকিছু প্রকাশ পায়।’
