সরকারি ও ২২টি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ বিনা মূল্যে চিকিত্সার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের চিকিত্সা ভাতা ৫০ হাজার টাকা থেকে ৭৫ হাজার টাকা নির্ধারণেরও সুপারিশ করা হয়েছে। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ এবং এ কে এম রহমাতুল্লাহ অংশ নেন। বৈঠকে জেলা অথবা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিস নিচতলায় স্থাপনের লক্ষ্যে বিদ্যমান দোকানসমূহ স্থানান্তরের সুপারিশ করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও কল্যাণ ট্রাস্টের জমিজমা-সংক্রান্ত কাগজপত্র হালনাগাদের অগ্রগতি সম্পর্কিত তথ্যাদি পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।
