কিশোরদের সুপথে ফেরাতে পুলিশের উদ্যোগ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:০৩

সম্প্রতি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে একজন সচেতন নাগরিক একটি গ্রুপের সঙ্গে যুক্ত কয়েক জনের নাম-পরিচয় উল্লেখ করে একটি অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ফেসবুকে কিশোর গ্যাং সদস্যদের পরিচালিত একটি গ্রুপের সদস্যসংখ্যা প্রায় ১৬ হাজার। সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় তারা সমাবেশ করে। রাস্তায় নেমে যানচলাচল বন্ধ করে মিছিলও করে।

এমন একটি বার্তার পরিপ্রেক্ষিতে ঐ ফেসবুক গ্রুপ পরিচালনার সঙ্গে যুক্ত কয়েক জনকে আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে কথা বলে গ্রুপটি বন্ধ না করে জনকল্যাণ ও দেশগঠনমূলক কাজে সামাজিক সচেতনতায় ব্যবহার করার সিদ্ধান্ত নেয় পুলিশ। তবে গ্রুপটি পরিচালনার দায়িত্ব কিশোরদের নয়, দেওয়া হয় অভিভাবকদের হাতে।

এ ব্যাপারে গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, তথ্যদাতার কাছ থেকে বার্তাটি গ্রহণ করে ওসি রামপুরা আব্দুল কুদ্দুস ফকিরকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। ওসি রামপুরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ গ্রুপটি পরিচালনার সঙ্গে যুক্ত দুই জনকে আটক করে। আটককৃত দুই জনই অপ্রাপ্তবয়স্ক কিশোর। গ্রুপ মেম্বারদের একটি বড় অংশই সচ্ছল পরিবারের বখে যাওয়া ছেলেমেয়ে। তাদের পরিচালিত পেজটির বিপুলসংখ্যক সদস্য ও তার সম্ভাবনার কথা বিবেচনা করে এটি বিলুপ্ত (ডিলিট) না করে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে জনকল্যাণ ও দেশগঠনমূলক কাজে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এটি সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেন এলাকার জনপ্রতিনিধি ও কিশোরদের অভিভাবকরা।

উল্লেখ্য, সুনির্দিষ্ট কোনো অপরাধের তথ্যসহ থানায় কেউ অভিযোগ করতে আগ্রহী না হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবক ও এলাকার জনপ্রতিনিধির কাছে ঐ কিশোরদের হস্তান্তর করা হয়েছে।