নারীসমাজকে বঙ্গমাতার জীবনী অনুসরণ করতে হবে :স্পিকার

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:০৪

আমাদের দেশের নারীসমাজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ অনুসরণ করতে হবে; যাতে আমরা বঙ্গমাতার কাছ থেকে তার ধৈর্য, সহনশীলতা, দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞাসহ অসংখ্য গুণাবলি আমাদের জীবনে রপ্ত করতে পারি, কাজে লাগাতে পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি এবং মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে পারি, বঙ্গমাতার জীবনের উদাহরণ থেকে শিক্ষা নিতে পারি, আজকের দিনে সেটাই হোক আমাদের প্রত্যয়।

গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুর প্যারোলের যে ঘটনাটা, সেটা সহজ ছিল না। সে সময় পরিবারের ওপর যথেষ্ট চাপ ছিল। বঙ্গমাতাকেও সে সময় নানা ধরনের চাপ দেওয়া হতো। তিনি কখনো নতি স্বীকার করেননি, বরং তিনি যেটাকে সঠিক বলে মনে করেছেন, সেটাই তিনি ধরে রেখেছেন এবং বঙ্গবন্ধুর কাছে তিনি সেই বার্তাই পৌঁছে দিয়েছেন। যেটা করা সঠিক, সেটা করতেই বঙ্গবন্ধুকে বলেছিলেন, প্যারোলে মুক্ত না হতে বলেছিলেন। বলেছিলেন, তোমাকে বাংলার মানুষ মুক্ত করে আনবে। সে সময় বঙ্গমাতাকে বিধবার হুমকিসহ নানা মানসিক চাপ দেওয়া হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, শাহিদুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল, ওসি সরেস চন্দ্র, মহিলাবিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন বুলেট, মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ ও চেয়ারমানগণ উপস্থিত ছিলেন।

পরে স্পিকারের তহবিল থেকে সাত জনকে সেলাই মেশিন এবং ১০০ নারীকে শাড়ি ও থ্রিপিস বিতরণ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩০০ জনকে খাদ্যসহায়তা দেওয়া হয়। শুরুতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গোপীনাথপুর মাদ্রাসার মোহতামিম হাফেজ রফিকুল ইসলাম।