আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর প্রতিপাদ্য গুণাবলীর শতভাগই আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের মধ্যে দেখতে পাই। বেগম মুজিবের কাছে সাহায্য চেয়ে কেউ কখনো খালি হাতে ফিরে যেত না। গতকাল রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আলোচনাসভার আয়োজন করে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মানুষের ভালোবাসার কাঙাল ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকেও প্রাণ উজাড় করে ভালোবাসতেন তিনি। বঙ্গবন্ধুর কর্মীবান্ধব সব গুণ আমরা বেগম মুজিবের কাছে দেখতে পাই। দেশের স্বাধীনতার সংগ্রামে বেগম মুজিবও বহু ত্যাগ-তিতিক্ষা স্বীকার করেছেন উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, দলীয় কর্মীদের সুখ-দুঃখের সঙ্গে ছিলেন তিনি। হোক সেই রাজনৈতিক কর্মী কিংবা সাধারণ মানুষ। ছাত্ররাজনীতির সময়ও বেগম মুজিব তার পৈতৃক সম্পত্তির অর্জিত অর্থ দিয়ে বঙ্গবন্ধুকে সাহায্য করেছিলেন। রাজনৈতিক কাজে টাকাপয়সা দিয়ে সাহায্য-সহযোগিতা করা এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি তার গহনা পর্যন্ত বিক্রি করেছেন। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে বেগম মুজিব সত্ পরামর্শ দিয়ে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন।
