করোনার অতিমারিতে সারা দেশে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে জাতীয় যুবসংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুবেল হাওলাদার ওরফে অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল। জাতীয় পার্টি-জেপির যুব সংগঠন যুবসংহতির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গতকাল রবিবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি এই আহ্বান জানান।
রুবেল হাওলাদার বলেন, ‘দীর্ঘ ১৬ মাস আমরা করোনা নামের অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছি। এই লড়াই জীবন ও জীবিকা রক্ষার। করোনার ডেলটা ভ্যারিয়েন্টের ভয়াল সংক্রমণ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আবার অনেকে জীবিকা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন। এ অবস্থায় সারা দেশে যুবসংহতির প্রত্যেক নেতাকর্মীকে সাধ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নিজেরাও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, সে ব্যাপারেও তাদের সচেতন করার কাজে মনোনিবেশ করতে হবে।
