পুরান ঢাকার চকবাজারে ‘ছিনতাই’ করে পালানোর সময় গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঐ ঘটনায় নিহত যুবকের নাম জয়। তিনি বলেন, চকবাজারের উর্দু রোড এলাকায় রিয়াজ উদ্দিন নামে এক নিরাপত্তারক্ষী রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় ছয়-সাত জন ছিতনাইকারী তাকে ঘিরে ধরে টাকাপয়সা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে রিয়াজ উদ্দিন চিত্কার করলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় জয় একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মারা যায়। ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কবির বলেন, জয়ের নামে থানায় আগের মামলাও আছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
নিহত জয় পরিবারের সঙ্গে উর্দু রোডে নিজেদের বাসায় থাকত। জয় ভাইয়ের মধ্যে সবার বড় ছিল। তার বাবার নাম শামসুদ্দিন জুম্মন। রাতেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়ে পরিবারের সদস্যরা রাতেই মর্গে ছুটে যায়। সেখানে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। নিহত জয়ের চাচাতো ভাই সাগর বলেন, ‘শনিবার গভীর রাতে জয়ের মৃত্যুর খবর শুনতে পাই। কীভাবে তার মৃত্যু হয়েছে বলতে পারছি না। তবে যেভাবেই জয়ের মৃত্যু হোক সুষ্ঠু তদন্ত চাই। কাভার্ড ভ্যানচালকের কারণে না তাকে যারা ধাওয়া দিয়েছিল তাদের কারণে জয় মারা যায় তার তদন্ত চাই।’
