আদালত অবমাননা মামলার তলবে হাজিরা দিলেন আশরাফ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:০৭

দেশের সর্বোচ্চ আদালতের তলব আদেশে আপিল বিভাগে হাজিরা দিয়েছেন আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফ। গতকাল তিনি সশরীরে আদালতে হাজির হন। পরে আদালত অবমাননার মামলার শুনানির জন্য এজলাসে আসেন বিচারকরা। শুরুতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলকে তার শুনানি শুরু করতে বলা হয়। তখন তিনি দুই সপ্তাহ সময় চান। এ সময় আশরাফের পক্ষে তার আইনজীবীও এক সপ্তাহ সময় চান। উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল আশরাফুলের পক্ষে আইনজীবী ছিলেন সৈয়দ মামুন মাহবুব ও আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে প্রধান বিচারপতির সমালোচনা ও পদত্যাগ চাওয়ায় গত ১৫ জুলাই আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফকে তলব করে আপিল বিভাগ।