ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ১৩

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:১৪

রাজধানীর রমনা, শাহবাগ ও বাড্ডা থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ ও বাড্ডা থানার পুলিশ।

গত শনিবার রাত পৌনে ১০টার দিকে শাহবাগের আজিজ সুপারমার্কেটের মুসলিম সুইটস অ্যান্ড বেকারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কালু মিয়া, ইয়াছিন ওরফে বাবু, আল-আমিন, ফজলে আলী ও স্বপন। এ সময় তাদের কাছ থেকে তিনটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তাদের স্থায়ী কোনো ঠিকানা নাই। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান থেকে যাত্রী ও পথচারীদের টাকাপয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে থাকেন। তিনি আরো বলেন, অন্যদিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমনা থানার রমনা পার্ক-সংলগ্ন রমনা চাইনিজ রেস্টুরেন্টের সামনে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—স্বপন রহমান, আবদুল্লাহ আল মাসুদ, বাবুল মিয়া, জুয়েল হোসেন ও মানিক। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা ও শাহবাগ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়া বাড্ডায় শনিবার রাত ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করে বাড্ডা থানার পুলিশ। তারা হলেন—মো. আকাশ, ফাহিম ও মো. হূদয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি চাপাতি, একটি চাকু, দুটি লোহার রড ও রশি উদ্ধার করা হয়। বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বাড্ডা থানার উত্তর বাড্ডা আলীর মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে জব্দকৃত মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আরো কয়েক জন পালিয়ে যান। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাদকসহ গ্রেপ্তার ৩১ :রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কেনাবেচার দায়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসব ঘটনায় বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।