খুলনার দুই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী হলেন- খুলনার রূপসা উপজেলার নাসিমা বেগম (৩৫)। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন। এরমধ্যে রেড জোনে ৫৯ জন, ইয়ালো জোনে ৩৯ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, বাগেরহাট মোংলার বিশ্বাস আতাউর রহমান (৭৫) ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পাইরা বাজারের ফজলুর রহমান (৬৫)।
বর্তমানে আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩২জন চিকিৎসাধীন রয়েছেন । এছাড়া গত ২৪ ঘণ্টায় তিনজন ভর্তি ও পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, গতকাল রবিবার রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১১০জন, যশোরের ৭ জন, বাগেরহাটের ৫ জন, নড়াইলের ২ জন, ঝিনাইদহ ও গোপালগঞ্জের একজনের করে করোনা পজিটিভ শনাক্ত হয়।
ইত্তেফাক/এমএএম
