পৃথিবীর ছাদ বলে খ্যাত তিব্বতের মালভূমির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এর অবস্থান হলেও এ মালভূমি ছিল সবুজের বিশাল আবরণে বিস্তৃত। কিন্তু আজ এখানে সবুজের সেই সমারোহ নেই। তিব্বত মালভূমির চারপাশের বেশিরভাগ গাছপালা এবং সবুজ তৃণভূমি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ক্রমাগত। পুরো এলাকাই পরিণত হতে যাচ্ছে ধূসর মরুভূমির মতো। বেরিয়ে পড়ছে পাথরের মতো শক্ত মাটি। এলাকার জনগণ গভীরভাবে লক্ষ করে দেখেছেন, সবুজ তৃণভূমির স্থলে এসব বেরিয়েপড়া শক্ত মাটিতে রয়েছে ইঁদুর বা কাঠবিড়ালির মতো প্রাণীদের তীক্ষ দাঁত দিয়ে তৈরি অসংখ্য ছোট ছোট গর্ত। আর এরকম এলাকার আয়তন কত, শুনলে অবাক হতে হয়! আয়তনের পরিমাণ আমেরিকার মোট আয়তনের এক-তৃতীয়াংশ। ফুন্টসক নামের এক দর্জি তাঁর বাপ-দাদার মতোই তিব্বত মালভূমির বিস্তৃত সবুজ চারণভূমিতে পশুপালন করছিলেন দীর্ঘদিন ধরে। একদিন তিনি লক্ষ করেন, তাঁর ঘরের চারপাশের গাছপালা এবং সবুজ তৃণভূমি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। পরিবেশবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন, গৃহপালিত পশুর আধিক্য, পোকামাকড়, ইঁদুর ও কাঠবিড়ালির মতো তীক্ষ দাঁতের ছোটখাটো প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর ছাদের এ আকস্মিক পরিবর্তন ঘটছে। মাত্র ২০-২৫ বছর আগেও এখানকার ঘাসগুলো এক ফুটের মতো লম্বা হতো এবং কাটতে হতো কাস্তে দিয়ে। কিন্তু এখন ঘাসগুলো এতই ছোট আকার ধারণ করেছে যে, শ্যাওলা কিংবা শৈবালের মতো সেগুলো মাটির সঙ্গে লেগে আছে। ভূ-তাত্ত্বিকগণ মনে করেন, পর্বত এলাকায় এ সবুজ তৃণভূমি অর্থাত্ ঘাসের পরিমাণ কমে যাওয়ার ফলে জলবায়ু আরো ব্যাপকহারে পরিবর্তন হচ্ছে। পাশাপাশি ঘাস কমে যাওয়ায় মাটির আর্দ্রতাও কম শুষে নিচ্ছে। ফলে বেশি পরিমাণে তাপ বিকিরণ হচ্ছে।
পরিবেশবিদদের মতে, ভূপ্রকৃতিগত কারণে তিব্বতের এ মালভূমি বৈশ্বিক সাধারণ তাপমাত্রার দুই থেকে তিন গুণ বেশি দ্রুত উত্তপ্ত হয়। আর এজন্যই থার্ড পোল অর্থাত্ তৃতীয় মেরু হিসেবে পরিচিত এলাকাটির হিমবাহ গলে যাচ্ছে। তাঁরা আরো বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কিত আলোচনায় মালভূমির
ছাদ নামে পরিচিত এই উঁচু তিব্বতের মালভূমির প্রসঙ্গ কেউ তোলে না।
অথচ বিশ্বের পরিবেশ নিরাপত্তার ক্ষেত্রে এ এলাকার প্রকৃতিগত পরিবর্তনের ব্যাপক প্রভাব রয়েছে। পরিবেশের ভারসাম্য কীভাবে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং প্রকৃতি তার ভারসাম্য কীভাবে ক্রমাগত হারিয়ে ফেলছে এ ব্যাপারে এখন থেকেই চিন্তা করতে হবে এবং নিতে হবে দ্রুত সঠিক ও কার্যকর পদক্ষেপ। বাঁচাতে হবে পৃথিবীর ছাদকে, বাঁচাতে হবে সমগ্র পৃথিবীকে।
প্রদীপ সাহা
